নওগাঁর ধামইরহাটে বেপরোয়া গতির একটি বালুবাহী ডাম্পট্রাকের চাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার আমাইতাড়া বাজার সংলগ্ন এমএম সরকারি ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা থেকে আসা কয়েকটি বালুবাহী ডাম্পট্রাক অত্যন্ত দ্রুতগতিতে উপজেলার আত্রাই নদীর দিকে যাচ্ছিল। পথে আমাইতাড়া বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চা-দোকানের ওপর তুলে দেয়। এরপর ট্রাকটি এমএম সরকারি ডিগ্রি কলেজের সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ওই সময় দোকানের পাশে ঘুমিয়ে থাকা অজ্ঞাতপরিচয় ওই নারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যেতে সক্ষম হন। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পুলিশ ঘাতক ডাম্পট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চালক ও সহকারীকে শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 



















