জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেছেন নরসিংদী-১ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শনিবার দুপুরে নরসিংদীর চিনিশপুরে অবস্থিত শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাতের মাধ্যমে তিনি এই কার্যক্রম শুরু করেন।
কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে খায়রুল কবির খোকন বলেন, ছাত্র-জনতার যে রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, সেই শহীদদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। তিনি প্রতিশ্রুতি দেন, আগামী দিনে জনগণ যদি বিএনপিকে দেশ পরিচালনার ম্যান্ডেট দেয়, তবে জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা এবং সকল প্রকার সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও উল্লেখ করেন, দলের পক্ষ থেকে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখায় শহীদ পরিবারগুলোর সুরক্ষা ও কল্যাণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে গুম, খুন ও নির্যাতনের রাজনীতি কায়েম করা হয়েছিল, ভবিষ্যতে তার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। যারা জনগণের আকাঙ্ক্ষা ও শহীদের রক্তের সাথে বেইমানি করে পুনরায় স্বৈরাচারী পথ বেছে নেবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে খোকন বলেন, বিএনপির লক্ষ্য হলো একটি সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত আধুনিক সমাজ গঠন করা। সেখানে লুটপাট বা দুর্নীতির কোনো স্থান থাকবে না। মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও মর্যাদা রক্ষায় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
এ সময় জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রব ফকির রনি, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম ভূঁইয়া এবং শহীদ তাহমিদের পিতা ডা. রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত ও দোয়া শেষে চিনিশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন খায়রুল কবির খোকন।
রিপোর্টারের নাম 



















