ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল আর্সেনাল। প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। সাম্প্রতিক সময়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর মিকেল আর্তেতার দলের লক্ষ্য জয়ের ধারায় ফেরা। অন্যদিকে, নতুন অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিকের অধীনে মাঠে নামা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটি এক কঠিন পরীক্ষা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হবে।
চলতি মৌসুমে দুর্দান্ত সূচনা করলেও আর্সেনালের সামনে এখন ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। লিগ টেবিলের শীর্ষে থাকা সত্ত্বেও সবশেষ দুই ম্যাচে জয় বঞ্চিত থাকতে হয়েছে তাদের। ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর নটিংহ্যাম ফরেস্টের মাঠেও একই ফলাফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় গানারদের। অতীতেও আর্সেনালকে দেখা গেছে মৌসুমের মাঝামাঝি সময়ে এসে ছন্দ হারাতে। তাই আজকের ম্যাচটি তাদের জন্য শুধু পয়েন্ট পুনরুদ্ধার নয়, শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান পোক্ত করারও একটি সুযোগ।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়ার পর মাইকেল ক্যারিকের জন্য এটি প্রথম বড় পরীক্ষা। টেবিলের পঞ্চম স্থানে থাকা ইউনাইটেডের জন্য এই ম্যাচটি মানসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্সেনালের বিপক্ষে তাদের সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য খুব একটা আশাব্যঞ্জক নয়। শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে রেড ডেভিলসরা। বিশেষ করে এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের শেষ চারটি ম্যাচেই তারা পরাজিত হয়েছে।
তবে ইউনাইটেড সমর্থকদের জন্য গত মৌসুমের এফএ কাপের তৃতীয় রাউন্ডের একটি ভালো স্মৃতি রয়েছে। সেবার ১০ জনের দলে পরিণত হয়েও আর্সেনালের মাঠে পেনাল্টি শুটআউটে জয় ছিনিয়ে এনেছিল তারা, যদিও নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। এবার দেখার পালা, আর্সেনাল তাদের জয়খরা কাটিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে পারে, নাকি ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচের অধীনে এক নতুন অধ্যায়ের সূচনা করে লড়াইয়ে টিকে থাকার বার্তা দেয়।
রিপোর্টারের নাম 























