ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ‘প্রিয় বউ বিদায়’ শিরোনামে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে মো. সিহাব খান (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে পাগলা থানা পুলিশ স্বল্প ছাপিলা গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। স্ট্যাটাসে সিহাব খান তার ছয় মাসের বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার কথা উল্লেখ করলেও, সংশ্লিষ্ট নারীর পরিচয় এবং তাদের বৈবাহিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে গফরগাঁও-বরমী সড়কের মোটা কড়ই গাছ এলাকায় সিহাব খানের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পাগলা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত সিহাব খান উপজেলার টাঙ্গাব ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের ইসমাইল খানের ছেলে। আত্মহত্যার আগে সিহাব তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “ছয় মাসের বিয়ে আমাদের এখানেই শেষ। প্রিয় বউ বিদায়।”
সিহাবের স্ট্যাটাসে আয়েশা আক্তার সুরভি নামে এক নারীকে স্ত্রী হিসেবে উল্লেখ করা হলেও, তিনি আসলেই সিহাবের স্ত্রী ছিলেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। জানা গেছে, ওই তরুণী পুড়াদিয়ারটেক গ্রামের সবুজ ব্যাপারীর মেয়ে এবং স্থানীয় আবুল হাসেম খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের ধারণা, সিহাব হয়তো ওই তরুণীকে বিয়ে করেছিলেন অথবা তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত হতাশা থেকেই সিহাব আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে তারা মনে করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ সুস্পষ্ট তথ্য দিতে চাইছে না। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রিপোর্টারের নাম 



















