আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী মো. শাহজাহান দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়েছেন। তিনি বলেছেন, আগামীতে বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্র ও ফ্যাসিবাদ মুক্ত করতে হলে তারেক রহমানের ধানের শীষে ভোট দিতে হবে। তাহলেই দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষ অর্থনৈতিক মুক্তি লাভ করবে।
শনিবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার ডাক্তার বাজারে নোয়াখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ধানের শীষের সমর্থনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি। তিনি অভিযোগ করেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে জুলুম, অত্যাচার, নির্যাতনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, হত্যা, জেল-জুলুম ও অবর্ণনীয় নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে দুনিয়া থেকে না ফেরার দেশে চলে গেছেন। কিন্তু বিএনপি শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও এর কোনো প্রতিশোধ নেয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর যতগুলো সভা-সমাবেশ করেছেন, কোথাও প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদগার ও প্রতিশোধপরায়ণ কোনো বক্তব্য দেননি।
মো. শাহজাহান আরও বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে শিষ্টাচার, সভ্যতা ও আদর্শের রাজনীতি করে। বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, বরং পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতায় বিশ্বাসী। এতে প্রতীয়মান হয় যে, বিএনপি এদেশের সকল শ্রেণি-পেশার মানুষের নিকট জনপ্রিয়।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন এদেশের বহুদলীয় গণতন্ত্রের রূপকার এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম রূপকার। ক্ষমতাকে জনগণের হাতে ফিরিয়ে দিতে তিনি আজীবন সংগ্রাম করেছিলেন। দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও নেতৃত্বগুণ আজও জাতির জন্য অনুকরণীয়। রাজনীতির পাশাপাশি অর্থনীতি, কৃষি ও শিল্পখাতকে শক্তিশালী করতে তিনি যুগান্তকারী পদক্ষেপ নেন।
শাহজাহান শহীদ জিয়া ও তার সহধর্মিণী প্রয়াত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
নোয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি নূরনবী বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য ফিরোজ আলম মতিন, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল জাহির হারুন, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহিম রিজভী, বিএনপি নেতা সারোয়ার হোসেন প্রমুখ।
রিপোর্টারের নাম 



















