নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একই স্থানে দুটি নির্বাচনী কার্যালয় স্থাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবারের এই ঘটনায় দলের নির্বাচন পরিচালনা কমিটির জোয়াড়ী ইউনিয়নের সমন্বয়ক ও সাবেক ওয়ার্ড সদস্য কামাল হোসেন এবং উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সাজেদুর রহমান আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নেতাকর্মীরা আহম্মেদপুর বাজারে দুটি পৃথক নির্বাচনী অফিস স্থাপন করেন। শনিবার ওই কার্যালয়গুলো থেকে নির্বাচনী প্রচারণার জন্য উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী ও সদস্য সচিব শামসুল আলম রনির নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন।
লিফলেট বিতরণের প্রস্তুতি চলাকালে স্থানীয় বিএনপি কর্মীরা দুটি অফিসে পৃথকভাবে অবস্থান করছিলেন। এ সময় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির নেতারা সবাইকে একত্রিত হয়ে প্রচারণায় অংশ নিতে বললে কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। এতে পূর্বোল্লিখিত দুজন আহত হন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি। তিনি আরও জানান, উভয় পক্ষের নেতারা নিজেদের মধ্যে বিষয়টি আপস-মীমাংসা করে নেবেন বলে তিনি জানতে পেরেছেন।
রিপোর্টারের নাম 



















