রংপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ বৃহস্পতিবার গভীর রাতে পৃথক দুটি অভিযানে একটি বিদেশী পিস্তল ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানগুলোতে উদ্ধারকৃত অস্ত্রগুলো শুক্রবার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ন্ত্রণে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার রাতে নীলফামারী জেলার জলঢাকা থানার বালাগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জলঢাকা-টু-ডালিয়া সড়কের পাশে আছির উদ্দিনের ছেলে মো. তোফাজ্জলের বাঁশ বাগান থেকে একটি হলুদ রঙের শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
একই রাতে, অপর একটি পৃথক অভিযানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে গড়েয়া ঈদগাহ মাঠের পশ্চিম পাশের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত পিস্তল ও শুটারগান পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার, ২৩ জানুয়ারি, সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজের শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান এবং র্যাবের গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















