সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর সাথে আপত্তিকর অবস্থার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মীকে তার সাথে সকল প্রকার দলীয় সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে, এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে মো. ওবায়দুর রহমানকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এমন ঘটনায় এটি একটি কঠোর পদক্ষেপ বলে জানা গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ওবায়দুর রহমানকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির এক সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারের আদেশসংবলিত একটি চিঠি প্রাথমিকভাবে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















