জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণি, জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় এই কর্মূসচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
কর্মসূচিতে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে যখন সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম যাতায়াতের পথে এটি দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে আসেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজেও বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রী এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর জোর দেন এবং জানান যে সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 



















