আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নেতা মহসিন মিয়া মধু। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাকে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি এই আসন থেকে স্বতন্ত্রভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতীক বরাদ্দের পর এক প্রতিক্রিয়ায় মহসিন মিয়া মধু বলেন, “চায়ের রাজধানী ও পর্যটনসমৃদ্ধ শ্রীমঙ্গল-কমলগঞ্জ অঞ্চলের চা শ্রমিকসহ সাধারণ মানুষের একটি বড় অংশ আমার প্রতি আস্থা রাখেন। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখ জনগণের রায় নিয়ে আমি সংসদে যেতে পারব। জনগণই আমার একমাত্র ভরসার স্থল।”
এই আসনে এবারের নির্বাচনে মহসিন মিয়া মধু ছাড়াও আরও বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব), এনসিপির প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নূরে আলম হামিদী, জাতীয় পার্টির জরিফ হোসেন এবং বাসদের অ্যাডভোকেট মো. আবুল হাসান। নিজ নিজ প্রতীক নিয়ে এই প্রার্থীরা এখন ভোটারদের মন জয় করতে প্রচারণায় নামছেন।
রিপোর্টারের নাম 





















