গণভোটের গণরায় বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। মাদক কারবার, চাঁদাবাজি, দলীয়করণ ও জমি দখল বন্ধ হয়নি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জমি দখলের শিকার হলে মানুষ ন্যায়বিচার পাবে না, কারণ গণমাধ্যম, পুলিশ ও আদালত—সবই দলীয়করণ হয়ে গেছে। তিনি বলেন, বর্তমান সরকার পরিবর্তনের সরকার নয়। পরিবর্তন ও সংস্কার চাইলে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে। তিনি দাবি করেন, পার্লামেন্টে তাদের আটজন সদস্য জনগণের পক্ষে একশ জনের ভূমিকা পালন করছেন। এনসিপি প্রধান বিরোধী দল হলে চাঁদাবাজি ও মাদক নির্মূলে আরও বেশি ভূমিকা রাখতে পারত বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এত দিন পর রাষ্ট্রপতির পদত্যাগ করতে মন চাইছে। বিএনপি পাঁচ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি, তাহলে তারা কীভাবে রাষ্ট্র পরিবর্তন করবে? তিনি শুধু পদত্যাগের পরিবর্তে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার এবং যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজনকে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানান। তিনি আরও বলেন, বিএনপি যোগ্য ও জনপ্রিয় কাউকে রাষ্ট্রপতি বানাতে চায় না।
নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা সামনে ছিল এবং সর্বস্তরের জনতা পেছন থেকে সহযোগিতা করেছে। সম্প্রতি জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি সতর্ক করেন যে, ফ্যাসিস্টরা তাণ্ডবলীলা চালালে এর দায় পুলিশ প্রশাসন ও সরকারকেই নিতে হবে। পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পারছিস আলম, যুগ্ম সদস্যসচিব লুতফুর রহমান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
রিপোর্টারের নাম 

























