আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে দেশের বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং মূল্য স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক বাজার থেকে বিপুল পরিমাণ পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার সয়াবিন তেল কিনতে মোট ৩৫৭ কোটি ৬২ হাজার ১০০ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৯ পয়সা।
বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে রমজানের চাহিদা মেটাতে দ্রুত পণ্য সংগ্রহের জন্য এই প্রস্তাব উত্থাপন করে। দরপত্র মূল্যায়ন কমিটির যাচাই-বাছাই শেষে কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস আইএনসি থেকে উল্লিখিত পরিমাণ সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই তেল খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হবে, তবে ক্রয়মূল্যের নিচে নয়। ফলে এতে কোনো ধরনের সরকারি ভর্তুকির প্রয়োজন হবে না। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে সাধারণ ভোক্তারা এই সুবিধা পাবেন।
একই বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য শিল্প মন্ত্রণালয়ের ১১তম লটের আওতায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এই সার আমদানিতে ব্যয় হবে ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।
রিপোর্টারের নাম 

























