রংপুরের পীরগাছায় পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ এক যুবলীগ নেতার পলায়নের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি ওই নেতা পালিয়ে যাওয়ার পর তার হাতে থাকা সরকারি হ্যান্ডকাফটি থানায় পৌঁছে দিয়েছেন স্থানীয় এক যুবদল নেতা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে এই নাটকীয় ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নানের ছেলে ও রংপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটন আবু সাইদ হত্যাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছা থানা পুলিশের একটি বিশেষ দল লিটনকে গ্রেপ্তারের জন্য তার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাকে আটক করে হাতে হ্যান্ডকাফ পরানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটনকে আটকের পরপরই তার পরিবারের সদস্য ও বেশ কয়েকজন নারী পুলিশের ওপর চড়াও হন। তারা পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে ধস্তাধস্তি শুরু করেন। উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে লিটন হ্যান্ডকাফ পরা অবস্থাতেই বাড়ির পেছনের দরজা দিয়ে দ্রুত পালিয়ে যান। ১০-১৫ জন নারীর আকস্মিক বাধার মুখে পুলিশ তাকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়।
এদিকে, হ্যান্ডকাফসহ আসামির পলায়নের খবরটি ছড়িয়ে পড়লে পুরো উপজেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। তবে ঘটনার কিছু সময় পর পীরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ওই হ্যান্ডকাফটি উদ্ধার করে থানায় জমা দেন।
পলাতক আসামি নাহিদ হাসান লিটনকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। পুলিশের হেফাজত থেকে এভাবে আসামি পলায়নের বিষয়টি এখন ওই এলাকার প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
রিপোর্টারের নাম 

























