বাংলাদেশে গণতন্ত্রের সুদৃঢ় ভিত্তি স্থাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। তিনি বলেছেন, বিগত ১৬ বছর ধরে নির্বাচনের নামে যে প্রহসন চলেছে, তার অবসান ঘটিয়ে আগামী নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
বুধবার বিকেলে ভোলার লালমোহন পৌরশহরের শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে এবং বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে। তিনি সকলকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি হবে চিরস্থায়ী। যারা দেশকে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাদেরকেই প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানান।
শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের সভাপতি নিরব কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু এবং সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী। এছাড়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও সভায় অংশ নেন।
রিপোর্টারের নাম 

























