চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে দশ দলীয় নির্বাচনী জোটের সিদ্ধান্ত অনুযায়ী এনসিপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাসের। বুধবার দুপুরে নগরীর একটি দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আসনটির নির্বাচনী পরিচালক ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী লিখিত বক্তব্যে জানান, দলীয় সিদ্ধান্ত এবং জোটের স্বার্থে ডা. আবু নাসের এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করার কারণে ডা. আবু নাসের আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। অসুস্থতার কারণে তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি বলেও জানানো হয়।
এ সময় নগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনটি দশ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক এনসিপির জন্য ছেড়ে দেওয়ার কথা ছিল। তবে জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় জোটের ভেতরে অসন্তোষ দেখা দেয়। গত মঙ্গলবার রাতে এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ এক সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী আবু নাসেরের বিরুদ্ধে জোটের সিদ্ধান্ত অমান্যের অভিযোগ তুলেছিলেন। এই ঘোষণার মাধ্যমে জোটের মধ্যকার অসন্তোষ নিরসনের পথ তৈরি হলো।
রিপোর্টারের নাম 

























