শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নিশ্চিহ্ন করে দেওয়া। তবে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে দাউদকান্দি উপজেলা বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
উপজেলার গৌরীপুরে দলীয় কার্যালয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
স্মৃতিচারণ করতে গিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর একটি বক্তব্য শুনেই শহীদ জিয়া তাঁকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সুযোগ দিয়েছিলেন। জিয়াউর রহমান তাঁকে বিএনপিতে ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত করেছিলেন এবং পরবর্তীতে দলের বিভিন্ন পদে সম্পৃক্ত রেখেছিলেন। তিনি নিজেকে সৌভাগ্যবান হিসেবে উল্লেখ করেন যে, দলের প্রধান হিসেবে জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া কখনো তাঁর নির্বাচনী সভায় বক্তৃতা দিতে আসেননি। তবে, জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই সৌভাগ্য লাভ করছেন বলে জানান। আগামী ২৫ জানুয়ারি দলের চেয়ারপারসন তারেক রহমান দাউদকান্দি বিশ্বরোডে আসছেন বলে তিনি উল্লেখ করেন।
দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























