অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের তদন্তের অধীনে থাকা এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও তদারকির জন্য আদালত তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত সোমবার এই নির্দেশ জারি করে। দুদক থেকে গতকাল মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক নিয়োগের আওতায় আসা উল্লেখযোগ্য সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের রহমতগঞ্জে সালিমা সিরাজ মাদরাসার বিপরীতে অবস্থিত ৩২ দশমিক ৬১ শতাংশ জমি ও স্থাপনা, আসাদগঞ্জের রূপালী ব্যাংক ভবন, পূর্ব নাসিরাবাদে সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এবং খুলশী ক্লাব ভবন। এছাড়াও, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ‘এস আলম হাউজ’, ‘এস আলম সেন্টার’, ‘এস আলম প্লে গ্রাউন্ড’ এবং খুলশী আবাসিক এলাকার ১২টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও ১৮টি পার্কিং স্পেসও রিসিভারের অধীনে থাকবে।
দুদকের উপপরিচালক ও যৌথ তদন্ত দলের প্রধান তাহাসিন মুনাবীল হক আদালতে এই সংক্রান্ত আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয় যে, দুদকের তদন্তে প্রাপ্ত তথ্যানুসারে, অভিযুক্তরা জব্দাদেশ থাকা সত্ত্বেও এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন, যা সরকারি স্বার্থের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
দুদক সূত্রে জানা গেছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে ঋণ গ্রহণ করে বিপুল অর্থ আত্মসাৎ এবং তা বিদেশে পাচারের অভিযোগের বিষয়ে বর্তমানে অনুসন্ধান চলছে। এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে পূর্বে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত মোট ৪৬৩ দশমিক ৮৭ শতাংশ জমি ও বহুতল ভবন জব্দের আদেশ দেওয়া হয়েছিল। নতুন আদেশের মাধ্যমে এই সম্পত্তিগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে।
রিপোর্টারের নাম 
























