ঢাকা-১৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে নির্বাচনী পরিবেশ বিনষ্টকারী যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানান।
সম্প্রতি রাজধানীর মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ এলাকার আল মোবারক মসজিদের সামনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার লিফলেট বিতরণের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর কর্মীরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে। পীরেরবাগ পাকা মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বারেক মোল্লার মোড়ে একটি সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, কাফরুল পশ্চিম থানা জামায়াতের আমির আব্দুল মতিন খান, থানার নেতা আতিকুর রহমান রায়হান ও ওয়াহিদুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াত আমির আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট সকলের মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
রিপোর্টারের নাম 
























