চুয়াডাঙ্গা সদর উপজেলায় সুবিধাবঞ্চিত ও অসহায় ৫০টি পরিবারের মাঝে নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে টিউবওয়েল বিতরণ করেছে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। রোববার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। তিনি বলেন, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন যে, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন্দবাড়িয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আবু জাফর মোহাম্মদ শামসুদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যাপক মো. খায়রুল বাশার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ।
বক্তারা বলেন, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। টিউবওয়েল বিতরণের মাধ্যমে এসব পরিবারের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 





















