জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের রাজনীতি শেখার এবং দেশের উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “তোমাদের বয়স কম, রাজনীতি শেখো। দেশের উন্নতি করো। আমরা কামনা করি, তোমাদের রাস্তায় ফুল বিছিয়ে দেবো রাজনীতি করার জন্য। কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো, তার জবাব আমরা দিতে পারি ইনশাআল্লাহ।”
গতকাল মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এনসিপি নেতাদের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমরা মুক্তিযুদ্ধের পর যে যার কাজে ফিরে গিয়েছিলাম। আমরা বলিনি আমাদের মন্ত্রী বানাতে হবে। আমরা কলেজে পড়তাম, বিশ্ববিদ্যালয়ে পড়তাম, পড়াশোনা করতে চলে গেছি। তোমাদের মতো লোভ করিনি।”
মির্জা আব্বাস নিজেকে দেশের একজন কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, “আমি এই দেশের একজন কর্মী। এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা করা দরকার, সবকিছু করছি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করবো ইনশাআল্লাহ। তবে এই দেশকে কোনো প্রতারকের হাতে, কোনো ধান্দাবাজের হাতে, কোনো কসাইয়ের হাতে পড়তে দেবো না।”
তিনি এনসিপি নেতাদের সঙ্গে নিজেদের পার্থক্য তুলে ধরে বলেন, “ওরা (এনসিপি) যোদ্ধা, আর আমরা মুক্তিযোদ্ধা। আমরা একটি দেশ স্বাধীন করেছি। তোমরা কি স্বাধীন করেছ? তোমরা একটি অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছ, ঠিক আছে। আমি স্বীকার করি। কিন্তু আমরাও আমাদের বয়সে একসময় এরশাদের মতো, হাসিনার মতো স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি।”
রিপোর্টারের নাম 
























