নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রির নগদ অর্থ চুরির ঘটনায় এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে সংঘটিত এই চুরির পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার এবং চুরি হওয়া অর্থের সিংহভাগ উদ্ধার করা সম্ভব হয়েছে।
জানা যায়, সোমবার দুপুরে মাধনগর ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করছিলেন ডিলার মিজানুর রহমান। জোহরের নামাজ আদায়ের জন্য তিনি পাশের মসজিদে গেলে সেই সুযোগে টিসিবির পণ্য বিক্রির প্রায় দুই লাখ টাকা চুরি করে নিয়ে যায় এক ব্যক্তি।
ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই নলডাঙ্গা থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রাম থেকে অভিযুক্ত রুম্মান সরদার (৩৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ১ লাখ ৮১ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক রুম্মান সরদার পূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত এবং মাধনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লোকমান হোসেন ভুলুর ছেলে।
এ বিষয়ে অভিযুক্ত রুম্মানের পিতা মো. লোকমান হোসেন ভুলু গণমাধ্যমকে বলেন, “আমার ছেলে নেশাগ্রস্ত। তবে এমন একটি ঘটনার সঙ্গে তার জড়িত থাকার খবর শুনে আমি হতবাক। কেউ অপরাধ করলে তার দায় তাকেই নিতে হবে। আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। সফল অভিযানে চুরি যাওয়া ১ লাখ ৮১ হাজার ৫০ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ আরও জানিয়েছে, তদন্ত শেষে এই ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি বা চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























