সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত এই চিঠি নির্বাচন কমিশন ও স্পিকারের কার্যালয়ে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এই নৈতিক স্খলনের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ২২ জুলাই (বুধবার) বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জামায়াত প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে জানিয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি তাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো। একই চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























