ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে কাস্টমস তল্লাশি কেন্দ্রে নিয়মিত তল্লাশির সময় ওই যাত্রীকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আব্দুস সালাম (৫০)। তিনি মুন্সিগঞ্জ সদর থানার রঞ্বাহাওলা পাড়া এলাকার আব্দুল সামাদ ব্যাপারীর ছেলে।
বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে আসা ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ডলার এবং ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বৈদেশিক মুদ্রার বাংলাদেশি বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অটুল গোস্বামী জানান, ওই যাত্রী কাস্টমসের কাছে মুদ্রার বিষয়ে কোনো ঘোষণা দেননি। বৈদেশিক মুদ্রা পাচার ও কাস্টমস আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বিদ্যমান আইন অনুযায়ী বিদেশ থেকে আসা বা বিদেশ যাওয়ার সময় নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা বহন করলে তা কাস্টমসের কাছে ঘোষণা করা বাধ্যতামূলক। এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কাস্টমস ও সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
রিপোর্টারের নাম 




















