শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়।
ছাত্রশিবির ঢাকা মহানগর আয়োজিত এই বিক্ষোভ মিছিলে সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ অংশ নেন। তারা নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানান।
এর আগে, সকালে পুরানা পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, শাকসু নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র ছাত্রসমাজ মেনে নেবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক প্রভাব বা আদালতের মাধ্যমে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হলে লাগাতার কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেষ মুহূর্তে রিট আবেদন করে এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে, বিএনপিপন্থি শিক্ষকরা শাকসু নির্বাচনের সকল কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দিয়েছেন। সোমবার শাবিপ্রবি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন যে, নির্বাচনে দায়িত্ব পালন করলে শিক্ষকদের একটি অংশের অভিযোগ বিএনপিপন্থি শিক্ষকদের দিকে চলে আসে। এই কারণে তারা নির্বাচন পরিচালনায় অংশ নেওয়া থেকে বিরত থাকবেন এবং অন্য শিক্ষকদেরও একই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, হাইকোর্ট গত সোমবার শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রিপোর্টারের নাম 
























