সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাপারচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার ভোরে, প্রায় সাড়ে ৬টার দিকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর একটি টহল দল অভিযান চালিয়ে বাল্কহেডটি জব্দ করে। পরে বাল্কহেডটিকে বিজিবির পল্টন ঘাট এলাকায় নিয়ে আসা হয়।
ঘটনাস্থলে উপস্থিত হন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন এবং বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মারুফ হোসেন। প্রাথমিক তদন্ত শেষে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মামলা দায়ের করা হয়। আদালত উপজেলার দরগাহপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো. নজরুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের জিল্লুর গাজীর ছেলে মো. আক্তারুল জামান (৩০) কে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে, উভয়ের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজিব জানান, সকালে এই অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের আটক করা হয়।
রিপোর্টারের নাম 






















