গাইবান্ধার সাঘাটা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন কচুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান সরদার, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান এবং কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর রাশেদ।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ ও জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মঈন প্রধান লাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কৃত নেতাদের সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের যেকোনো প্রকার সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ জানান, দলের শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























