মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রেসক্লাব। সোমবার দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসাদুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কমলগঞ্জ প্রেসক্লাব যেভাবে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন যদি এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তবে কোনো মানুষই শীতে কষ্ট পাবে না।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংবাদিক বিশ্বজিৎ রায়, প্রণীত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী ও পিন্টু দেবনাথসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। শীতের এই তীব্রতায় নতুন গরম কাপড় হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগত অসহায় মানুষগুলো।
রিপোর্টারের নাম 
























