গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ বাড়াইকান্দি গ্রামে খালের ওপর নির্মিত একটি কোটি টাকা ব্যয়ের সেতু সংযোগ সড়ক ছাড়াই পড়ে আছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর কর্তৃক নির্মিত এই সেতুটি স্থানীয় এবং পথচারীদের কোনো কাজেই আসছে না। ফলে, কোটি টাকার এই সেতুতে উঠতে বাঁশ ও কাঠের তৈরি সাঁকো ব্যবহার করতে হচ্ছে, যা জনসাধারণের দুর্ভোগ বাড়িয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের গত অর্থবছরে এক কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে ৫০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের এই সেতুটি নির্মাণ করা হয়। রামিম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির নির্মাণকাজ পায় এবং গত ৩০ জুন এর মেয়াদ শেষ হয়েছে।
অভিযোগ রয়েছে, চুক্তি অনুযায়ী সেতুটির উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা করেনি। পিআইও অফিসের যোগসাজশে সংযোগ সড়ক নির্মাণ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো বিল তুলে নিয়েছে বলে জানা গেছে। প্রায় তিন মাস আগে সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে এটি ব্যবহার করা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীপুর থেকে গাইবান্ধা শহরে যাওয়ার এটি একটি সংক্ষিপ্ত পথ। এই পথে প্রতিদিন শ্রীপুর ইউনিয়নের প্রায় ১৫-২০ হাজার মানুষ চলাচল করে। বটতলা হয়ে শহরে যেতে তাদের দূরত্ব প্রায় সাত-আট কিলোমিটার কমে আসে। তাই ঝুঁকি নিয়েই মানুষ এই পথে চলাচল করতে বাধ্য হচ্ছে।
শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম বিষয়টি নিয়ে ঠিকাদার ও পিআইওকে একাধিকবার অবগত করেছেন এবং দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 






















