চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর সীতাকুণ্ডের জলিল গেইট এলাকায় আসলাম চৌধুরীর বাড়িতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি সংবাদ সম্মেলন চলাকালে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে একদল ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে যে, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আসলাম চৌধুরীর গাড়িতে অস্ত্র ও ককটেল রাখা হয়েছিল এবং পরে অস্ত্র উদ্ধারের ঘটনা সাজিয়ে তার বড় ভাইসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ভুক্তভোগী পক্ষ সীতাকুণ্ড মডেল থানায় এই মামলাটি দায়ের করে। মামলাটি বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে। মামলায় মোহাম্মদ নাজিম উদ্দিনসহ ৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন আসামি রয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তার নাজিম উদ্দিনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় এই মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত মো. আলমগীর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।
রিপোর্টারের নাম 
























