আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতির জন্য একটি নতুন পথের দিশারি হিসেবে অভিহিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই নির্বাচন অন্য যেকোনো সময়ের মতো সাধারণ কোনো নির্বাচন নয়; বরং এটি একটি জাতি হিসেবে আমাদের ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদান করবে।
সোমবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রচারণা যানের সামনে দাঁড়িয়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশে উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক দল বা কোনো বিশেষ প্রার্থী নেই। সরকারের দৃষ্টিতে সব প্রার্থীই সমান। একটি উৎসবমুখর ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনকে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোটের অধিকার প্রয়োগের বিষয়ে ভোটারদের সচেতন করে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “কারো প্ররোচনা, নির্দেশনা বা চাপে পড়ে ভোট দেবেন না। সম্পূর্ণ নিজের ইচ্ছায় পছন্দের প্রার্থীকে নির্বাচন করুন। আমাদের লক্ষ্য একটি প্রকৃত প্রতিনিধিত্বশীল সরকার গঠন করা, যারা জনগণের ওপর শাসন নয়, বরং সেবক হিসেবে কাজ করবে।”
রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশে আর গুম-খুনের সংস্কৃতি ফিরে আসুক তা আমরা চাই না। একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসে রাষ্ট্র কাঠামোতে আমূল পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, যদি কেউ মনে করেন পূর্বের বিচারহীনতা ও ভয়ের পরিবেশই ভালো ছিল, তবে তারা সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। কিন্তু যদি সংস্কার, ন্যায়বিচার এবং কাঙ্ক্ষিত পরিবর্তন চান, তবে অবশ্যই ইতিবাচক পরিবর্তনের পক্ষে রায় দেবেন।
গণভোট বা নির্বাচনের প্রচারণার বিষয়ে তিনি আরও বলেন, এটি কেবল সরকারের একার দায়িত্ব নয়; সব রাজনৈতিক দলকেও এই প্রক্রিয়ায় এগিয়ে আসতে হবে। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যরা দেশের প্রতিটি জেলা ও বিভাগে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আগামী ২২ জানুয়ারির পর থেকে এই প্রচারণা তৃণমূল পর্যায়ে তথা গ্রামে গ্রামে পৌঁছে যাবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























