জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও লক্ষ্য বাস্তবায়নের লক্ষে প্রণীত ‘জুলাই সনদ’ কার্যকরে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, যারা এই গণভোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা মূলত পরাজিত ও পলাতক শক্তি। দেশের সাধারণ মানুষ আজ জুলাই বিপ্লবের কাফেলায় শামিল হয়েছে এবং গণভোটের মাধ্যমে তারা এই বিপ্লবের পক্ষে নিজেদের সুদৃঢ় অবস্থান জানান দেবে।
সোমবার কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই-আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই ‘জুলাই সনদ’ তৈরি করা হয়েছে। এই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতেই সরকার গণভোটের আয়োজন করেছে। তিনি আরও উল্লেখ করেন, যারা এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না, কেবল তারাই এই প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে বাংলাদেশের সচেতন মানুষ তাদের এই অপচেষ্টা রুখে দেবে।
সরকারের এই উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের ফসল। সংগ্রামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়েই এই সরকার জুলাই সনদ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আগামী ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রতিফলিত হবে। এর মাধ্যমেই স্থানীয় পর্যায় থেকে যোগ্য ও জননন্দিত প্রতিনিধিরা নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার পথ প্রশস্ত হবে।
ফ্যাসিবাদের পতন ও বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরাচারী শক্তির অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে এবং যারা দেশে আছে তারাও আত্মগোপনে। কিশোরগঞ্জসহ সারা দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার আর মাত্র দুই দিন বাকি উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের মানুষ জুলাই সনদ ও নিজেদের অধিকার রক্ষায় এক কাতারে দাঁড়িয়ে ভোট প্রদান করবে।
শ্রদ্ধা নিবেদনকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের যোদ্ধা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ক এক মতবিনিময় সভায় মিলিত হন। এছাড়া তিনি জেলায় কর্মরত এনজিও প্রতিনিধি ও নারী উপকারভোগীদের সঙ্গে সচেতনতামূলক সভায় অংশগ্রহণসহ স্থানীয় পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিদর্শনের কথা রয়েছে।
রিপোর্টারের নাম 
























