ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এবং প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মাণ প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক ও উন্নয়ন অংশীদারিত্বের বিষয়টি পুনরায় নিশ্চিত করেন।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন এবং চলমান কারিগরি মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যাপারে চীনের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় চীনের অব্যাহত সমর্থনের কথা জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক, এই কামনাও ব্যক্ত করেন তিনি।
আলোচনায় দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও বৃদ্ধি করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 















