রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গত ১৭ জানুয়ারি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উপশাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান ব্যাংককে দেশের অর্থনীতির স্তম্ভ উল্লেখ করে এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কর্মকর্তাদের দ্বিগুণ প্রচেষ্টা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান। এতে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ এবং দেশের ২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ব্যাংককে তার পূর্বের গৌরবময় অবস্থায় ফিরিয়ে আনতে হলে সকলকে দ্বিগুণ প্রচেষ্টা ও নিবেদিত হয়ে পেশাদারিত্বের সাথে কঠোর পরিশ্রম করতে হবে। গ্রাহকদের সাথে সুসম্পর্ক স্থাপন এবং উন্নত সেবার মাধ্যমে ব্যাংককে আরও এগিয়ে নেওয়ার উপর তিনি জোর দেন।
চেয়ারম্যান আরও বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিনিয়োগ আরও সম্প্রসারিত করতে হবে। তিনি ইসলামী ব্যাংকের প্রতি জনগণের দীর্ঘদিনের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সাথে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেন।
রিপোর্টারের নাম 















