বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) তাদের ২০২৬ সালের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্পন্ন করেছে। শনিবার রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে ব্যাংকের শীর্ষ নেতৃত্ব বিগত বছরের ব্যবসায়িক সাফল্য মূল্যায়ন এবং আগামী বছরের জন্য নতুন কর্মপরিকল্পনা ও কৌশল নির্ধারণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মহসিন মিয়া এবং পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান জনাব শেখ আশ্বাফুজ্জামান এফসিএ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) জনাব মোহাম্মদ জিয়াউল করিম সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের বিভিন্ন খাতের অর্জিত লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ ও পর্যালোচনা করা হয়। এর মধ্যে আমানত সংগ্রহ, ঋণ ও অগ্রিম বিতরণ, মুনাফা অর্জন, খেলাপি ঋণ আদায় এবং আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহের মতো গুরুত্বপূর্ণ সূচকগুলো প্রাধান্য পায়। অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬ সালের জন্য একটি শক্তিশালী ব্যবসায়িক রূপরেখা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আতাউর রহমান ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মহসিন মিয়া আমানত সংগ্রহের পাশাপাশি ‘নন-ফান্ডেড’ ব্যবসায়িক কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর কর্মকৌশল ও পেশাদারিত্ব বজায় রাখার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জিয়াউল করিম ব্যাংকের আমানত, ঋণ বিতরণ ও রেমিট্যান্সসহ প্রতিটি খাতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে প্রয়োজনীয় কৌশলগত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জহিরুল আলম, সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 















