গাজীপুরের টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে এক প্রতিবাদ সমাবেশ ও কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে মাদরাসার একাডেমিক প্রাঙ্গণে ‘স্ট্যান্ড ফর হাদি’ শীর্ষক এই কর্মসূচিতে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে পুরো মাদরাসা ক্যাম্পাস মুখরিত করে তোলেন। তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘তুমি কে, আমি কে, হাদি, হাদি’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; এবং ‘স্ট্যান্ড ফর হাদি, স্ট্যান্ড ফর জাস্টিস’ ইত্যাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচার দাবিতে টঙ্গী তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। হাদির ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়ায় বিলম্ব হলে তা ন্যায়বিচারের পরিপন্থি বলেও তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এর ভিপি ইকবাল কবির, জিএস সাঈদুল ইসলাম এবং এজিএস মঈনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। তারা আরও উল্লেখ করেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলন ন্যায়বিচারের পক্ষে একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছে বলেও বক্তারা মনে করেন।
রিপোর্টারের নাম 















