উগান্ডার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের পর বিরোধীদলীয় প্রার্থী ববি ওয়াইনকে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি)। দলটি দাবি করেছে, সাবেক এই পপ তারকা ও বর্তমান বিরোধী নেতাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা এখনো জানা যায়নি। নির্বাচনের পর দেশটিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরিস্থিতি নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এ তথ্য ছড়িয়ে পড়ে। এর একদিন আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে উগান্ডার সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে এ ঘটনা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও এখনো পাওয়া যায়নি।
একসময়ের জনপ্রিয় পপ তারকা ববি ওয়াইন বর্তমানে উগান্ডার অন্যতম প্রভাবশালী বিরোধী নেতা হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে তিনি দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এনইউপি-এর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সামরিক বাহিনী ও নিরাপত্তা এজেন্টরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছিল। তবে তাকে হেলিকপ্টারে তুলে নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, যদিও তার দল এই অভিযোগ তুলে নিখোঁজ দাবি করেছে।
ভোট গ্রহণের পর ববি ওয়াইন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন যে বৈধ ভোটারের সংখ্যার চেয়ে অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। তিনি এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছিলেন।
রিপোর্টারের নাম 















