টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত বিস্তৃত ১৬.১ কিলোমিটারের ‘বাংলা চ্যানেল’ জয়ের নেশায় উত্তাল সাগরে নেমেছেন ৩৫ জন সাঁতারু। শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে শুরু হওয়া এই রোমাঞ্চকর প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের দক্ষ সাঁতারুরা অংশ নিচ্ছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ‘তারুণ্য উৎসব’-এর অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’। শনিবার সকাল সাড়ে ৯টায় শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে সাঁতার শুরু হয়। প্রতিযোগীদের গন্তব্য সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত। এই বিশেষ আয়োজনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দীন।
এবারের আসরে আকর্ষণের কেন্দ্রে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সদস্য সাইফুল ইসলাম রাসেল। এর আগে রেকর্ড ছয়বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। বিশেষ করে ২০২১ সালে চ্যানেলটি একবার পাড়ি দিয়ে পুনরায় ফিরে আসার (ডাবল ক্রস) বিরল রেকর্ড গড়েন তিনি। সর্বশেষ ২০২৩ সালেও ৩ ঘণ্টা ৫০ মিনিটে পথটুকু পাড়ি দিয়ে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। এবারের প্রতিযোগিতায় রাসেলের পাশাপাশি অংশ নিয়েছেন বাংলা চ্যানেল সফলভাবে পাড়ি দেওয়া প্রথম নারী সাঁতারু এমএসটি সোহাগী আক্তার।
সপ্তম বারের মতো জয়ের লক্ষ্য নিয়ে সাইফুল ইসলাম রাসেল বলেন, সাগরের পরিস্থিতি কিছুটা প্রতিকূল হলেও নিজের মনোবল ধরে রেখে পুনরায় প্রথম হওয়ার চেষ্টা করবেন তিনি।
আয়োজক সংস্থা ‘ষড়জ অ্যাডভেঞ্চার’-এর প্রধান নির্বাহী এবং ‘কিং অব বাংলা চ্যানেল’ খ্যাত ২০ বার চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু লিপটন সরকার জানান, এবারের আসরে দুইজন নারীসহ মোট ৩৫ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। সাঁতারটি সম্পূর্ণ আন্তর্জাতিক রীতি মেনে পরিচালনা করা হচ্ছে। প্রতিযোগীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রত্যেক সাঁতারুর জন্য আলাদা বোট ও উদ্ধারকর্মীর ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলা চ্যানেল সাঁতার এখন আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ পরিচিতি লাভ করেছে।
এবারের আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। এছাড়া পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ডাইনামিক ডেন্টিস্ট্রি এবং ইভেন্ট পার্টনার হিসেবে ভিসাথিং, স্টুডিও ঢাকা ও সরকার এগ্রো এই আয়োজনে সহযোগিতা করছে। প্রতিযোগীরা সফলভাবে সেন্টমার্টিন পৌঁছানোর মাধ্যমে এবারের রোমাঞ্চকর এই অভিযানের সমাপ্তি ঘটবে।
রিপোর্টারের নাম 























