দেশের অর্থনীতি ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে পরিবহন শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তারা বরাবরই অবহেলিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে এই খাতের শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মঘণ্টা নির্ধারণ এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।
শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী জলিল স্টেশন এলাকায় সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী।
পরিবহন খাতের বিদ্যমান সংকট তুলে ধরে আসলাম চৌধুরী বলেন, পরিবহন শ্রমিকরা পরিবার-পরিজন ছেড়ে দিন-রাত হাড়ভাঙা খাটুনি খাটেন। কিন্তু সেই তুলনায় তাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই এবং বেতন কাঠামোও অত্যন্ত দুর্বল। এছাড়া সড়ক-মহাসড়কে বিভিন্ন পক্ষের হয়রানি ও বিশৃঙ্খলার কারণে তারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। বিএনপি এই খাতের বিশৃঙ্খলা দূর করে একটি শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমিকদের অধিকার ও তাদের ঝুঁকি নিরসনের বিষয়ে অত্যন্ত আন্তরিক। দলের পক্ষ থেকে অতীতেও শ্রমিকদের স্বার্থ রক্ষায় নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। এছাড়া নিজস্ব সংসদীয় এলাকার পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যক্তিগতভাবেও পাশে থাকার আশ্বাস দেন তিনি।
সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল খান লাদেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস বাহাদুর, সহ-সাধারণ সম্পাদক রফিক ওমর, সাংগঠনিক সম্পাদক মির্জা শামসুদ্দিন, সহ-প্রচার সম্পাদক হাসান এবং সড়ক-মহাসড়ক বিষয়ক সম্পাদক জাবেদ হোসেন।
এছাড়া মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মোতাহার হোসেন মানিক, আলী, জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান, নুরের সাফা ও ফয়জুল হক ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা পরিবহন খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























