ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে আঁকা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক গ্রাফিতি সংরক্ষণে পুনর্লিখন ও রং করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি এই গ্রাফিতি পুনর্লিখন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করে। প্রশাসন জানিয়েছে, মূল গ্রাফিতির বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখেই আগামী ২৬ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৬ জুলাই (রবিবার) উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত গ্রাফিতি রং করা ও পুনর্লিখনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। এই পুরো কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে চারুকলা অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালককে।
এই কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানের পরপরই ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কনকারী মূল শিল্পীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি আগ্রহী ও সৌখিন শিল্পীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭১৬১১৬০২৩) নাম ও ঠিকানা নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা, রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
এছাড়া, আগামী ২৬ জুলাই দুপুর সাড়ে ১২টায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান এবং রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রিপোর্টারের নাম 
























