ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মিত সাবেক উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবনটি অপসারণ করা হয়।
এর আগে, গত সোমবার প্রথম দফার অভিযানে বাজারের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও এই ভবনটি অক্ষত ছিল। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়। ভবনটির বৈধতা ও লিজ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে।
স্থানীয় সূত্রের দাবি, একটি সমিতির নামে বরাদ্দ পাওয়া এই ভবনটিতে পরে ইটের পার্টিশন দিয়ে একাধিক কক্ষ তৈরি করে ৫-৬ লাখ টাকা পর্যন্ত জামানতের বিনিময়ে ভাড়া দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সম্প্রতি সেখানে ছয়টি দোকান নির্মাণের কাজও শুরু হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। দখলমুক্ত স্থান পুনরায় দখল হলে আরো জোরালো অভিযান চালানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের খবরে বিক্ষুব্ধ জনতা ভবনটিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরপর ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।
রিপোর্টারের নাম 
























