সারাদেশে হাম ও হামসদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে দুজন। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৭ জন শিশু আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে ৯০৪ জনের হামসদৃশ উপসর্গ এবং ১৩৩ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৫ জনের নিশ্চিত হামে মৃত্যু হয়েছে এবং বাকি ৭০৮ জন হামের উপসর্গে মারা গেছে। এই সময়ের মধ্যে মোট ১ লাখ ৩৫ হাজার ১৯৩ জন শিশু আক্রান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২০ হাজার ৩৫২ শিশুকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৮৪১ শিশুর নিশ্চিত হাম ধরা পড়েছে এবং ১ লাখ ৩ হাজার ৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৬৬ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫৯ জন নিশ্চিত হামে এবং ৩০৭ জন হামের উপসর্গে মারা গেছে। এছাড়াও, সিলেট বিভাগে ১০৮ জন (নিশ্চিত হামে ৩ জন), রাজশাহী বিভাগে ৯২ জন (নিশ্চিত হামে ২ জন), ময়মনসিংহ বিভাগে ৬৯ জন (নিশ্চিত হামে ২ জন), চট্টগ্রাম বিভাগে ৬৬ জন (নিশ্চিত হামে ১০ জন), বরিশাল বিভাগে ৬২ জন (নিশ্চিত হামে ১৯ জন), খুলনা বিভাগে ৩১ জন এবং রংপুর বিভাগে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৪৫ জন হামের উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫২ জনের নিশ্চিত হাম ধরা পড়েছে।
রিপোর্টারের নাম 





















