পাবনার চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন (৭৬) পরলোকগমন করেছেন। শুক্রবার সকালে উপজেলার দোলং এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার ছেলে শিক্ষক ফরহাদ নাসিম লাভলু বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন।
সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার ইগ্নাসিউজ গমেজ (ইনু মাস্টার) জানান, শুক্রবার জুমার নামাজের পর চাটমোহর পৌর সদরের দোলং মাদরাসা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হয়।
পরবর্তীতে মরহুমের মরদেহ তার পৈতৃক নিবাস ছাইকোলা ইউনিয়নের চরনবীন গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
রিপোর্টারের নাম 























