জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি আজ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গত ২৯ সেপ্টেম্বর মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। কারাগার থেকে আনার পর তার বিরুদ্ধে ফরমাল চার্জের (আনুষ্ঠানিক অভিযোগ) শুনানির জন্য প্রসিকিউশন এক সপ্তাহ সময় চেয়েছিল। তবে আসামিপক্ষে আইনজীবী নাজনীন নাহার আরও দু’দিন সময় বাড়ানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিনটি ধার্য করেন।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর জাসদ সভাপতির বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যায় সহযোগিতাসহ মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ এনে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। এরপর শুনানিতে আটটি অভিযোগ উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগগুলো আমলে নিয়ে ইনুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।
গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। এই জাসদ নেতা আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনকে ঘিরে কুষ্টিয়ায় সংঘটিত ওই ঘটনায় ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়। তদন্ত শেষে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করে, যার ভিত্তিতে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়।
রিপোর্টারের নাম 






















