ভেনেজুয়েলায় কারাবন্দি ১১৬ জন রাজনৈতিক কর্মীকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। গত সপ্তাহে গৃহীত এক প্রশাসনিক সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে আটক হওয়া এসব ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়।
কারাকাস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশটির কারা পরিষেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, যারা সাংবিধানিক শৃঙ্খলা বিঘ্নিত করা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে কারান্তরীণ ছিলেন, সরকারের এই বিশেষ উদ্যোগের ফলে তারা কারামুক্তির সুযোগ পেয়েছেন।
তবে সরকারের দেওয়া এই সংখ্যার বিষয়ে ভিন্নমত পোষণ করেছে দেশটির বিরোধী দল ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। তাদের দাবি, সরকারিভাবে ১১৬ জন বন্দি মুক্তির কথা বলা হলেও বাস্তবে মুক্তিপ্রাপ্তদের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক কম।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন বাহিনীর এক বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হন। তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে একটি ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই গণ-মুক্তির ঘটনাটি বিশেষ তাৎপর্য বহন করছে।
রিপোর্টারের নাম 























