দেশের গণতন্ত্র এখনো পুরোপুরি নিরাপদ নয় এবং একটি স্বার্থান্বেষী মহল অগণতান্ত্রিক পথে ক্ষমতা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতন্ত্র রক্ষার লড়াই এখনো শেষ হয়নি; জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল এই সংগ্রামের সুফল পাওয়া সম্ভব।
সোমবার ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা. রফিক বলেন, একটি অশুভ শক্তি এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র রুখতে দেশের প্রতিটি নাগরিককে সজাগ থাকতে হবে। জনগণের ভোটের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র সুসংহত হবে না।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের স্মৃতিচারণ করে ডা. রফিক বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু প্রতিকূলতা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। বিশেষ করে ওয়ান-ইলেভেনের সময় তাকে বিদেশ পাঠানোর নানামুখী চক্রান্ত হলেও তিনি দেশ ও মানুষের টানে আপসহীন থেকেছেন। তিনি কেবল একটি দলের নেত্রী ছিলেন না, বরং দেশের সকল গণতন্ত্রকামী মানুষের আস্থার প্রতীক ছিলেন।
দেশের উন্নয়ন ও জনসেবায় বেগম জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক খাতের উন্নয়নে তার ভূমিকা অনস্বীকার্য। আজকের এই ডা. মিলন অডিটোরিয়ামও তার সরকারের আমলেই নির্মিত। তিনি স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। তার সেই উন্নয়নমুখী দর্শন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে ডা. রফিক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই চূড়ান্ত পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব হবে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। সফলভাবে এই কর্মসূচি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ডা. রফিক তার বক্তব্য শেষ করেন।
রিপোর্টারের নাম 
























