জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বাস ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানোর পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, বিআরটিএ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ অংশীজনদের এড়িয়ে গোপনে ভাড়া বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে, যা সাধারণ যাত্রীদের স্বার্থবিরোধী এবং অতীতের স্বৈরাচারী পন্থার প্রতিফলন।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে জানান, অতীতে জ্বালানির দাম যখন সামান্য কমেছিল, তখন কিলোমিটার প্রতি মাত্র ২-৩ পয়সা ভাড়া কমানো হয়েছিল। এখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সার বেশি বাড়ানো কোনোভাবেই যৌক্তিক হবে না। আমলাতন্ত্রকে ম্যানেজ করে এর অতিরিক্ত ভাড়া বাড়ানো হলে সরকারের জনপ্রিয়তা কমবে এবং জনরোষ তৈরি হবে বলে তিনি সরকারকে সতর্ক করেন। এ বিষয়ে তিনি সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
রিপোর্টারের নাম 




















