রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় ২২ জনের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে মামলায় পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ প্রদান করেন। আদালত আগামী ১৯ মে পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। আদালত সূত্রে জানা গেছে, পলাতক আসামিদের মধ্যে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মো. রমজানুল হক নিহাদসহ বিভিন্ন রেস্তোরাঁর মালিক ও কর্মকর্তারা রয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল সিআইডি মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় এবং কয়েকজন মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছিল, যা আদালত মঞ্জুর করেছে। বর্তমানে এই মামলায় ৯ জন আসামি জামিনে রয়েছেন।
রিপোর্টারের নাম 

























