জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা ঋষভ ট্যান্ডন হৃদরোগে আক্রান্ত হয়ে ২২ অক্টোবর দিল্লিতে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। ‘ভাইরাল ভবানি’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ঋষভ সম্প্রতি তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রাণ হারান। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ঋষভ অত্যন্ত শান্ত ও দয়ালু স্বভাবের মানুষ ছিলেন।
এই গায়ক ও অভিনেতার অকাল মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা জানান, ঋষভ নতুন কয়েকটি প্রকল্পে কাজ শুরু করেছিলেন এবং তাঁর কিছু অসমাপ্ত গানের ট্র্যাক সম্পূর্ণ করার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর কাছে সংগীত কেবল পেশা ছিল না, বরং এটিকে তিনি এক ধরনের আধ্যাত্মিক সাধনা হিসেবে বেছে নিয়েছিলেন।
ঋষভ তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একজন প্লেব্যাক শিল্পী হিসেবে। পরে তিনি অভিনয়েও নাম লেখান। তিনি ‘ইয়ে আশিকি’, ‘চাঁদ তু’, ‘ধু ধু করকে’, এবং ‘ফকির কি জুবানি’-সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তাঁর গান ‘ইশক ফকিরানা’ সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছিল।
ঋষভ অভিনীত ছবিগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘ফকির – লিভিং লিমিটলেস’ এবং ‘রাশনা: দ্য রে অফ লাইট’। ভারতীয় বিনোদনপ্রেমীরা তাঁকে তাঁর অসাধারণ সংগীত ও অভিনয়ের জন্য দীর্ঘদিন মনে রাখবেন।
রিপোর্টারের নাম 
























