মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে এক অত্যন্ত বিস্ফোরক মন্তব্য করেছেন, যা আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপের মালিকানা গ্রহণ না করে, তবে রাশিয়া বা চীন তা দখল করে নেবে।
গত শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউসে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। ট্রাম্পের দাবি, “আমরা গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা করব, তারা পছন্দ করুক বা না করুক। কারণ আমরা যদি না করি, তাহলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করে নেবে। আর আমরা রাশিয়া বা চীনকে প্রতিবেশী হিসেবে দেখতে চাই না।”
বর্তমানে ১৯৫১ সালের একটি চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকলেও, ট্রাম্প প্রশাসন মনে করছে তা দ্বীপটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে প্রয়োজনে মার্কিন সামরিক বাহিনী ব্যবহারের বিষয়টি যেমন রয়েছে, তেমনি গ্রিনল্যান্ডবাসীদের ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার জন্য মোটা অঙ্কের আর্থিক প্রস্তাব দেওয়ার বিষয়ও বিবেচিত হচ্ছে।
ট্রাম্প ও তার প্রশাসনের এমন মন্তব্যে ইউরোপজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোপেনহেগেনসহ ইউরোপের বিভিন্ন রাজধানীর নেতারা এসব বক্তব্যকে অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং ন্যাটোর মিত্রদের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বিদ্যমান রয়েছে, যা এই বিতর্ককে আরও জটিল করে তুলেছে।
রিপোর্টারের নাম 





















