ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটা এবং চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রতিবেশী দেশ ওমানের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকায়ি জানিয়েছেন, গত সপ্তাহে তেহরানে ওমানের কর্মকর্তাদের সঙ্গে শুরু হওয়া এই আলোচনা এখনো অব্যাহত রয়েছে এবং বৃহস্পতিবারও পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাকায়ি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ এবং এই অঞ্চলে তাদের চাপিয়ে দেওয়া অনিরাপত্তার কারণেই বর্তমানে হরমুজ প্রণালীতে অচলাবস্থা তৈরি হয়েছে। মার্কিন কর্মকাণ্ডের ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
মুখপাত্র আরও উল্লেখ করেন, গত মার্চ মাস থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক তৎপরতা ও হামলার ফলে এই সংকট ঘনীভূত হয়েছে। ইরানি জাহাজে আক্রমণ, বন্দর ও ট্রানজিট রুটে অবৈধ অবরোধ এবং ইরানের ওপর অব্যাহত বিমান হামলার কারণে নৌপথের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
রিপোর্টারের নাম 























